
নিউজ ডেস্ক: বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) আরও সুইডিশ বিনিয়োগের আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ মে) রাতে গণভবনে সুইডিশ পোশাক কোম্পানি এইচএন্ডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রেসিডেন্ট হেলেনা হেলমারসনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের আইসিটি ও অর্থনৈতিক অঞ্চলে সুইডেনের কাছ থেকে আরও বিনিয়োগ চাই। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার রপ্তানি পণ্যে বৈচিত্র্য এনে রপ্তানি বাজার আরও সম্প্রসারণ করতে চায়। বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক নীতি এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রদানেরও পরিকল্পনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।