
নিউজ ডেস্কঃ শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১০৬ শ্রমিকের করা শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালের মামলার রায় কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩০ মে) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
একইসঙ্গে শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালের রায়ের কার্যক্রমে ৬ মাসের জন্য স্থিতিবস্থা থাকবে বলেও আদেশ দেন আদালত। এদিন আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ ও ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। শ্রমিকদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও অ্যাডভোকেট গোলাম রব্বানী শরীফ। শুনানি শেষে গোলাম রব্বানী শরীফ বলেন, গত ৩ এপ্রিল ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণ থেকে চাকরিচ্যুত ১০৬ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী কোম্পানির লভ্যাংশ পরিশোধ করতে রায় দেন শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনাল। এ রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ড. ইউনূস।