News71.com
 Bangladesh
 16 Jul 16, 01:51 PM
 390           
 0
 16 Jul 16, 01:51 PM

মানিকগঞ্জে পৃথক দু'টি দুর্ঘটনায় নিহত ৩

মানিকগঞ্জে পৃথক দু'টি দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্ক: মানিকগঞ্জে পৃথক সড়ক দুঘর্টনায় দুই মোটরসাইকেল আরোহীসহ ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার সকাল ৬টা ৩০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মূলজান এলাকায় এবং সকাল ৮টার দিকে শিবালয় উপজেলার টেপড়া এলাকায় পৃথক এই দুটি ঘটনা ঘটে।

এই ঘটনায় পুলিশ ও প্রত্যক্ষদর্শী বলেন, সকাল ৬ টা ৩০ মিনিটের দিকে পাটুরিয়া থেকে ছেড়ে আসা এনএনবি পরিবহনের একটি বাস গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় এক যাত্রী। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টার পর আহত ১৫ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ১২ জন মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।


আবার এদিকে, একই মহাসড়কে শিবালয় উপজেলার টেপড়া এলাকায় সকাল ৮টার দিকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসের সাথে বিপরীতগামী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আলমগীর হোসেন ও রাজিবুল হাসান নামের দুই জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আলমগীর মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার উথুলী গ্রামের মো. হোসেন আলীর ছেলে। আর রাজিবুল হাসান একই উপজেলার মহাদেবপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

পুলিশ বাস দুটিকে জব্দ করলেও চালকদের আটক করতে পারেনি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ(ওসি)নূরুল আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন