
নিউজ ডেস্ক: উন্নয়ন টেকসই করতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। সোমবার (২৯ মে) দুপুরে নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের আশেকপুর-বালাতৈড় সড়কে তালের চারা রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, তালগাছ মানবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ফল দেয়, ছায়াও দেয়। বজ্রপাত রোধক হিসেবেও কাজ করে। এছাড়া তালের রস ও গুড় অর্থনীতিতে ভূমিকা রাখে।
খাদ্যমন্ত্রী বলেন, আশির দশকে উপজেলার হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় আমি ঘুঘুডাঙ্গার রাস্তায় তালগাছ রোপণ করেছিলাম। সেই সারি সারি তালগাছ এখন বড় হয়েছে, আকাশে উঁকি মারে। দর্শনীয় স্থান হিসেবেও দেশের বিভিন্ন প্রান্তের মানুষের নজর কেড়েছে রাস্তাটি। আমার দেখানো তালের চারা রোপণ মডেল এখন অনেকেই অনুসরণ করছেন। তালগাছ দেশের উপকারে আসছে দেখে আমার ভেতর ভালোলাগা কাজ করে, যোগ করেন মন্ত্রী।