
নিউজ ডেস্কঃ রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃঢ় প্রতিশ্রুতির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃঢ় প্রতিশ্রুতি প্রয়োজন।’ রোববার (২৮ মে) গণভবনে ওআইসির মহাসচিব হিসেইন ব্রাহিমের সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা রোহিঙ্গাদের নিজ দেশে পাঠিয়ে তাদের সমস্যা সমাধানে সহায়তা করতে ওআইসি সদস্যদেশগুলোর দৃঢ় প্রতিশ্রুতি কামনা করেন। তিনি বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। ওআইসিভুক্ত দেশগুলোর কাছ থেকে রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।