
নিউজ ডেস্কঃ বিএনপি তাদের আন্দোলনে জনগণকে টানতে পারেনি। এর জন্য বাধ্য হয়ে বিদেশিদের কাছে নালিশ দিয়ে নিষেধাজ্ঞা আনছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু আওয়ামী লীগের বিদেশে প্রভু নেই, বন্ধু আছে বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার (২৮ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে আমাদের প্রভু নেই, বন্ধু আছে। বঙ্গবন্ধুরও বিদেশে প্রভু ছিল না, বন্ধু ছিল। প্রধানমন্ত্রীরও বিদেশে প্রভু নেই, বন্ধু আছে। একাত্তরেও আমরা বন্ধু পেয়েছিলাম, এখনও পাবো। প্রধানমন্ত্রী কারো বাধা মানেন না। তিনি তার কাজ করছেন, জনগণের জন্য কাজ করছেন।’ নির্বাচন নিয়ে মার্কিন ভিসানীতির বিষয়ে কাদের বলেন, বিদেশের ভিসানীতি নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। ভিসানীতিতে বলা হয়েছে, যারা স্বচ্ছ নির্বাচনে বাঁধা দেবেন, তাদের ভিসা দেয়া হবে না। এখানে বাধা কারা দিচ্ছে? বিএনপি। বিএনপি বাধা দিলে সমস্যা তাদের। এটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়াতে আছি। আর শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে আমাদের দেশব্যাপী শান্তি সমাবেশ চলমান থাকবে।