
নিউজ ডেস্কঃ চট্টগ্রামে মশার কয়েলের আগুনে পুড়েছে ছয়টি বসতঘর। এতে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। অপর এক দগ্ধকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা শেষে রিলিজ দেয়া হয়েছে। রোববার (২৮ মে) ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: ওই এলাকার মানিক মিয়ার স্ত্রী নুরুননাহার বেগম (৪০), ছেলে মারুফ (১) এবং মেয়ে ফিরিয়া আক্তার (৩)। দুই ছেলেমেয়েকে নিয়ে শহীদ নগর এলাকার ইব্রাহীমের বাসায় ভাড়া থাকতেন তারা। এ ছাড়া দগ্ধ হন ইমাম উদ্দিন (২৮) নামে আরও এক ব্যক্তি।
বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘রোববার ভোর ৪টা ৩৫ মিনিটে আগুন লাগে। বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই এলাকার তোতা মিয়ার ঘরের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। আগুনে ছয়টি টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দগ্ধ হয়েছেন চারজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় তারা ঘরে ঘুমাচ্ছিলেন।’