
নিউজ ডেস্কঃ রাজনৈতিক দ্বন্দ্বে ঝুলে আছে এশিয়া কাপের ভাগ্য। পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে দল পাঠাতে চাচ্ছে না ভারত। আবার পাকিস্তানও নাছোড়বান্দা। অন্তত কিছু ম্যাচ আয়োজন করতে দিতেই হবে তাদের। সেটা না হলে বিশ্বকাপে অংশ নেবে না বলেও হুমকি দিয়েছে দেশটি। এমন অবস্থায় এশিয়া কাপ হবে কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্বাহী সদস্য নাজমুল হাসান পাপন অবশ্য এমন অনিশ্চয়তাকে উড়িয়ে দিলেন। ভেন্যু নিয়ে জটিলতা থাকলেও, এই আসর মাঠে না গড়ানোর কোনো কারণ দেখছেন না তিনি। আইপিএল ফাইনালের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও জানিয়েছেন তিনি।