
নিউজ ডেস্কঃ দেশের ২২টি সমন্বিত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বা গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের (ব্যবসা) পরীক্ষা শনিবার (২৭মে) অনুষ্ঠিত হবে। শনিবার সারা দেশের ১৯টি কেন্দ্রে দুপুর ১২টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এক ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের (ব্যবসা) ভর্তি পরীক্ষায় ৩৯ হাজার ৮৬৪ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। আসন প্রতি লড়বে ১২ জন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহে ‘সি’ ইউনিটে আসন সংখ্যা তিন হাজার ৪৯৬টি।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম জানান, ২০২২-২৩ সেশনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে মোট তিন লাখ তিন হাজার ২৩১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৬ হাজার ৪৩৪ জন, ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৩৯ হাজার ৮৬৪ এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। শাবিপ্রবি কেন্দ্রের কথা উল্লেখ করে তিনি বলেন, সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে শনিবার শাবিপ্রবিতে ‘সি’ ইউনিটে ৯৪৪ জন শিক্ষার্থী অংশ নেবেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘বি’ ও ‘সি’তে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।