
নিউজ ডেস্কঃ কেবল সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, এর জন্য দরকার সব রাজনৈতিক দলের সদিচ্ছা। এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। বৃহস্পতিবার (২৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মার্কিন নতুন ভিসা নীতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা করেছে তাদের নিয়মে। আমরা মনে করি এই নীতি যদি স্বচ্ছ এবং নির্বাচনে সাহায্য করে তাহলে ভালো।’
মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি জ্বালাও-পোড়াও কমাতে সহায়তা করতে পারে। আর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। মাঝে মাঝেই যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমাদের আলোচনা হয়, এটি তারই অংশ। দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়েছে। আর বাংলাদেশের সরকার, প্রধানমন্ত্রী ও জনগণকে সহায়তা করার জন্যই এ ভিসা নীতি।’