
নিউজ ডেস্কঃ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনার কাজ। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। কয়েক ঘণ্টার মধ্যে জানা যাবে, কে হচ্ছেন গাজীপুরের পরবর্তী নগরপিতা। এদিকে সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হয়েছে। দুই একটি কেন্দ্রে আঙুলের ছাপ না মেলায় ভোট গ্রহণে দেরি হয়।
সকালে টঙ্গীর দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আজমত উল্লাহ খান। এ ছাড়া আহসান মাস্টার উল্লাহ হাসপাতাল কেন্দ্রে ভোট দেন হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি। অন্যদিকে নগরীর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন।