
নিউজ ডেস্কঃ স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ভালো অবস্থানের কারণে বিভিন্ন খাতে বাংলাদেশে বড় বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (২৩ মে) কাতারে হোটেল ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ এ. আল-ফালিহ এবং দেশটির অর্থনীতি ও পরিকল্পনামন্ত্রী ফয়সাল আল ইব্রাহিম এ প্রস্তাব দিয়েছেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফিং করেন। সৌদির দুই মন্ত্রীকে উদ্বৃত করে মোমেন বলেন, ‘তারা বলেছে বিনিয়োগের ক্ষেত্রে আমরা কয়েকটি ইস্যু দেখি। প্রথমত দেশের স্থিতিশীলতা, ব্যবসায়ীরা বিনিয়োগের ভবিষ্যৎ ও স্থিতিশীলতা দেখেন। বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ ভালো। যার কারণে আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি।’