
নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রবল ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে চালকসহ ১২ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া গুচ্ছ গ্রামসংলগ্ন তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর তেঁতুলিয়ায় হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। সঙ্গে বৃষ্টিও নামতে শুরু করে। এতে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি চা বাগানে উল্টে পড়ে যায়। পরে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ আহতদের উদ্ধার করে। গুরুতর আহতদের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ আলম সময় সংবাদকে বলেন, ৯৯৯-এ ফোন পাওয়ার পর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।