
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জিডিপিতে শিল্পখাতের অবদান ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তিনি সোমবার (২২ মে) ‘সিআইপি (শিল্প) ২০২১’ সম্মাননা প্রদান উপলক্ষে রোববার এক বাণীতে এ কথা বলেন।রাষ্ট্রপতি মনে করেন, শিল্পখাতে সফল অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পোদ্যোক্তাদের সম্মাননা প্রদান নবীন শিল্পোদ্যোক্তাদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পকারখানা স্থাপনে উৎসাহিত করবে এবং দেশে গুণগত শিল্পায়নের ধারা অধিকতর বেগবান হওয়ার পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
শিল্পখাতের উৎকর্ষ সাধনের স্বীকৃতিস্বরূপ ‘শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে নির্বাচিত শিল্পোদ্যোক্তাদের ‘সিআইপি (শিল্প) ২০২১’ সম্মাননা প্রদান করছে জেনে সন্তোষ প্রকাশ করে মো. সাহাবুদ্দিন বলেন, ‘আমি এ উদ্যোগকে স্বাগত জানাই। সম্মাননাপ্রাপ্ত উদ্যোক্তাদেরও আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’