
নিউজ ডেস্কঃ পাঁচবারের চ্যাম্পিয়ন দল ব্রাজিল। ইতালি থেকে শক্তি এবং সামর্থ্যে বেশ এগিয়ে। তবুও বাধা পার করতে ব্যর্থ হলো সেলেসাওদের অনূর্ধ্ব-২০ দল। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিল হেরেছে ইতালির বিপক্ষে।রোববার (২১ মে) রাত ৩টায় আর্জেন্টিনার এস্তাদিও মালভিনাস স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল ও ইতালির অনূর্ধ্ব-২০ দল। ম্যাচটিতে ৩-২ গোলে জয় পেয়েছে ইতালি। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন মার্কোস লিওনার্দো। ইতালির হয়ে জোড়া গোল পেয়েছেন সিজার কাসেদাই এবং একটি গোল করেছেন মাত্তেও প্রাতি।
এ দিন প্রথমার্ধেই তিন গোল হজম করে বসে হলুদ জার্সিধারী ব্রাজিল। ইতালির ডিফেন্ডিং মিডফিল্ডার মাত্তেও ডান পায়ের কিক থেকে দলকে লিড গোল এনে দেন। ১-০ গোলে পিছিয়ে থেকে ব্রাজিল চেষ্টা চালায় সমতায় ফিরতে। তবে ২৭ মিনিটে উল্টো গোল হজম করতে হয় সেলেসাও বাহিনীকে। তাতে ২-০ গোলে পিছিয়ে পড়ে লাতিন আমেরিকার দেশটি।