
নিউজ ডেস্কঃ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন। রোববার (২১ মে) রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলটির নেতারা চীনের উদ্দেশে রওনা হন।জানা গেছে, কমিউনিস্ট পার্টি অব চীনের (সিপিসি) আমন্ত্রণে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে ১৭ সদস্যের এ দলটি চীন সফরে গেলেন। আগামী ৩১ মে দেশে ফিরে আসার কথা রয়েছে তাদের।
দ্বিপক্ষীয় এই রাজনৈতিক সফরে তারা কমিউনিস্ট পার্টি অব চায়নার বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে বাংলাদেশ স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো উপস্থাপন করবেন। বিশেষ করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে চীনকে আরও বেশি উদ্যোগী হওয়ার জন্য প্রস্তাব দেয়া হবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীনদের কাছে এই সফরের গুরুত্ব রয়েছে।