
নিউজ ডেস্ক: গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎ বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। গত চারদিন ধরে ১৪ জেলেসহ ওই ট্রলার ভাসছে এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড ট্রলারসহ ১৪ জেলেকে উদ্ধার করেছে। তবে উদ্ধার হওয়া জেলেরা অক্ষত থাকলেও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। রোববার (২১ মে) বিকেল ৩টার দিকে জেলেদের উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আনা হয়। পরে কোস্টগার্ড জেলেদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বরগুনার পাথরঘাটার বাদুরতলা গ্রামের ছগির হোসেনের মালিকানাধীন এফবি মাহফুজা নামে মাছ ধরার একটি ট্রলার গত চারদিন ধরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ভাসছিল। আজ সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সহযোগিতায় কোস্টগার্ড উদ্ধার অভিযানে নামে। এর আগে ১৫ মে দুপুরে পাঁচদিনের বাজার সদাই করে ১৪ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে রওনা দেয় এফবি মাহফুজা নামে ট্রলারটি। সেটি ৬৫ দিনের মৎস্য নিষেধাজ্ঞার আগেই ঘাটে ফিরে আসার কথা ছিল। কিন্তু ১৮ মে হঠাৎ ইঞ্জিনে পানি ডুকে বিকল হয়ে যায়। সেই থেকেই সাগরে ভাসতে থাকে ট্রলারটি।