
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে ভেঙে পড়া গাছে ধাক্কা লেগে একটি ট্রেনের ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (২০ মে) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। সে হিসেবে ওই লাইনটি ৯ ঘণ্টার বেশি সময় ট্রেন চলাচল বন্ধ।
কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে জানতে চাইলে স্পষ্ট জবাব দিতে পারেননি শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার শাখাওয়াত হোসেন। তবে জানালেন, দ্রুত গতিতে কাজ চলছে। গাছগুলো সরিয়ে নেওয়া হচ্ছে যত দ্রুত সম্ভম। দুপুরে তিনি বলেন, এটা বলা যাচ্ছে না। ইতোমধ্যে চট্টগ্রাম থেকে ক্রেন সম্বলিত উচ্চ ক্ষমতাসম্পন্ন রিলিফ ট্রেন চলে এসেছে। উল্টে যাওয়া বগি সরিয়ে ফেলার কাজ শুরু হয়ে গেছে। রেল লাইন যত দ্রুত ঝুঁকিমুক্ত করে সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ চালু করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা বলেন, আমাদের রেলের ভাষায় ট্রেনের ইঞ্জিনকে ‘লুকুমোটিভ’ বলে। ২৯২০ মডেলের একেকটি লুকুমোটিভের ওজন ৭০ টন। উচ্চ ক্ষমতাসম্পন্ন রিলিফ ট্রেন আসলেই আগে বগি দুটোকে ক্রেনের সাহায্যে লাইনের উপর বসিয়ে দেবে। এরপর টেনে টেনে নিরাপদে নিয়ে যাবে।