
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হজযাত্রীদের জন্য যে জাহাজ কিনেছিলেন, ক্ষমতায় এসে জিয়াউর রহমান সেই জাহাজকে প্রমোদতরি বানিয়েছিলেন। শুক্রবার (১৯ মে) রাজধানীর আশকোনায় হজ অফিসে ‘হজ কার্যক্রম-২০২৩’-এর উদ্বোধন ও হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু ‘হিজবুল বাহার’ নামে একটি জাহাজ কিনেছিলেন। সেই জাহাজ দিয়ে তখনকার সময়ে হজযাত্রী পাঠানো হতো। বঙ্গবন্ধু নিজে সৌদি বাদশাহর সঙ্গে কথা বলে অল্প খরচে বাংলাদেশের মানুষের জন্য হজে যাওয়ার ব্যবস্থা করেছিলেন।
তিনি বলেন, ‘আমাদের বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়া, ওআইসির সদস্যপদ লাভ এবং আরব-ইসরাইলের যুদ্ধে আরব বিশ্বের পক্ষে সমর্থন জানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব।‘তিনি (বঙ্গবন্ধু) ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা বোর্ড স্থাপন করেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জায়গার ব্যবস্থা করে দিয়ে যান, তাবগিগ জামাতের জন্য কাকরাইল মসজিদ ও তুরাগ নদের তীরে জায়গা করে দিয়ে যান,’ যোগ করেন প্রধানমন্ত্রী।