
নিউজ ডেস্কঃ সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে শুক্রবার (১৯ মে) মধ্যরাত থেকে শুরু হচ্ছে সমুদ্রে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৩ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা। ইচ্ছে না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে সমুদ্র থেকে জাল উঠিয়ে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। সরেজমিন দেখা যায়, মধ্যরাত থেকে সাগরে আর মাছ শিকার করা যাবে না।
টানা ৬৫ দিন সমুদ্রে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। সে জন্য জাল উঠিয়ে সমুদ্র থেকে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। কেউ ঘাটে এসে নোঙর করেছেন আবার কেউ তীরে ফেরার জন্য সমুদ্র থেকে রওনা হয়েছেন। তবে বৈরী আবহাওয়া আর একের পর এক নিষেধাজ্ঞায় নাকাল সাগর উপকূলের জেলেরা। তাই তাদের চোখেমুখে হতাশার ছাপ। নিষেধাজ্ঞার আগে মাছ শিকার করে কিছু পুঁজি করে রাখবেন জেলেরা–এবার তা-ও পারেনি বৈরী আবহাওয়ার কারণে। দীর্ঘদিন বেকার থাকায় ঋণে জর্জরিত অনেকে। তবে বছরে দুবার ৮৭ দিনের নিষেধাজ্ঞা, বৈরী আবহাওয়ার প্রভাব এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে টিকে থাকতে এই আইনের সংশোধন আনতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন উপকূলের হাজার হাজার জেলে।