
নিউজ ডেস্কঃ বিচার প্রশাসনের কারও বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ এলে ব্যবস্থা নিতে কোনো কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী । তিনি বলেন, কারো বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ এলে ব্যবস্থা নিতে এক মিনিটও অপেক্ষা করা হবে না। বৃহস্পতিবার (১৮ মে) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ’জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩’ উপলক্ষে উচ্চ আদালতে সরকারি আইনি সহায়তার অগ্রগতি শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, ‘দেশের বিভিন্ন জেলা থেকে মেধাবী জুডিশিয়াল অফিসারদের সুপ্রিম কোর্ট প্রশাসনে নিয়ে এসেছি। কক্সবাজার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসেছি। তাকে প্রধান করে দুর্নীতি রোধে একটি টাস্কফোর্স করেছি। তাদেরকে নির্দেশনা দিয়েছি সুপ্রিম কোর্টের কোনো সেক্টরে দুর্নীতি চলছে কি না, তা নিয়মিত মনিটরিং করার জন্য।’ এ সময় আইনজীবীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ’সুপ্রিম কোর্ট প্রশাসনে যদি দুর্নীতির সঙ্গে কেউ জড়িত হন, কোনো প্রমাণ থেকে থাকলে আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন। আমরা ব্যবস্থা নিতে পিছপা হবো না। তিনি যত উচ্চপদস্থ বিচার বিভাগীয় কর্মকর্তাই হন বা সুপ্রিম কোর্টর কর্মচারীই হোক। তার বিরুদ্ধে প্রসিডিং হবে সঙ্গে সঙ্গে।’