
নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার এখন নিজেদের অস্তিত্বের প্রশ্নে বেসামাল হয়ে উঠেছে। তাই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানাভাবে জুলুম-নির্যাতন চালিয়ে দেশের মানুষকে তারা ভীতসন্ত্রস্ত রাখতে নিষ্ঠুর পথ অবলম্বন করছে।বৃহস্পতিবার (১৮ মে) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
বিবৃতিতে জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার এবং বাড়িতে বাড়িতে ব্যাপক তল্লাশি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমাদের ঘোষিত জেলা সমাবেশকে বানচাল করার লক্ষ্যে সরকার এ ধরনের অপকর্ম সংঘটিত করছে। আওয়ামী সরকারের মদদে আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেফতার করছে। তবে বিএনপি নেতাকর্মীদের ওপর যতই নির্যাতনের খড়্গ নামিয়ে আনুক না কেন, জনগণের রোষানল থেকে সরকার রেহাই পাবে না।’