
নিউজ ডেস্কঃ জলবায়ুর ব্যাপারে সোচ্চার সারা পৃথিবী, পিছিয়ে নেই বাংলাদেশও। এ ইস্যুকে সামনে রেখে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশের ৪০ শতাংশ বিদ্যুৎ আসবে নবায়নযোগ্য উৎস থেকে। বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক ও জ্বালানি বিভাগের সমন্বয়ে আয়োজিত সেমিনারে সমাপনী বক্তব্যে এ তথ্য জানান তিনি।
নসরুল হামিদ বলেন, ক্লিন এনার্জি কিংবা গ্রিন এনার্জিতে সক্ষমতা অর্জনে বাংলাদেশের লক্ষ্য ২০৪১ সাল। এ সময়ের মধ্যে নবায়নযোগ্য, গ্রিন, সৌর ও গ্যাসনির্ভর বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে। ইতোমধ্যে ১২টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। এতে বাংলাদেশের বিলিয়ন ডলার গচ্ছা গেছে। বিশ্বব্যাংক গ্রিন এনার্জি নিয়ে কথা বলে। তাদের এসব ব্যাপারেও নজর দেয়া উচিত।