
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রদূতদের নিরাপত্তা দেয়া হবে। তাদের নিরাপত্তায় কোনো শিথিলতা দেখাবে না সরকার। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা বলেন তিনি। বিবৃতিতে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে গণচেতনাবিচ্ছিন্ন আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা স্বৈরশাসক জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করেছিল। স্বৈরাচারের বুটের তলায় পিষ্ট হয়ে এ দেশের মানুষ তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার হারিয়েছিল। ভোট ডাকাতির প্রতিভূ শক্তি বিএনপির মুখে তাই গণতন্ত্রের কথা মানায় না।’