
নিউজ ডেস্কঃ আগামীতে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে উল্লেখ করে সেই চ্যালেঞ্জের মোকাবিলায় পুলিশকে সচেষ্ট থাকতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দুই দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সের প্রথম দিনের তৃতীয় ও শেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আইন-শৃঙ্খলাজনিত যেকোন চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করছে। আপনারা অগ্নিসন্ত্রাস, জঙ্গি হামলার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। আপনারা দেশকে ভালোবাসেন, দেশের মানুষ আপনাদেরকে নিয়ে গর্ব করে। তিনি বলেন, আগামীতে আপনাদের সামনে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। এ সময় জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদেরকে নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।