
নিউজ ডেস্কঃ বৃষ্টির প্রবণতা বাড়ায় অবশেষে নয় দিন পর কাটল তাপপ্রবাহ। সেসঙ্গে দেশের কয়েকটি অঞ্চলে রয়েছে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাসও। বুধবার (১৭ মে) রাতে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। গত ৮ মে দেশের ওপর দিয়ে তাপপ্রবহ শুরু হয়, যা ঘূর্ণিঝড় মোখা পরবর্তী প্রভাবে কেটে গেল। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, রাজশাহী, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, কুমিল্লা, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত (পুনঃ) দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর (পুনঃ) এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গার অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।