
নিউজ ডেস্কঃ সার্ভিস ডেলিভারি সেন্টার হিসেবে থানায় জনগণের কাঙ্ক্ষিত সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার (১৭ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দুই দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সের প্রথম দিনের অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এমন নির্দেশ দেন।
আইজিপি বলেন, সার্ভিস ডেলিভারি সেন্টার হিসেবে থানাকে গড়ে তুলতে হবে। একইসঙ্গে থানায় জনগণের কাঙ্ক্ষিত সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, পুলিশ অনেক ভালো কাজ করছে বলেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, পাশাপাশি পুলিশের প্রতি জনগণের প্রত্যাশাও বেড়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের আরও সচেষ্ট হতে হবে।