
নিউজ ডেস্কঃ জননেত্রী শেখ হাসিনা যে প্রত্যয় নিয়ে বাংলাদেশকে আত্মনির্ভরশীল দেশে পরিণত করেছেন, সেই প্রত্যয়ে নিজেকে গড়ে তুলতে এবং দেশ গঠনে এগিয়ে আসতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (১৭ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
মেয়র তাপস বলেন, জননেত্রী শেখ হাসিনা যে প্রত্যয় নিয়ে একটি গরিব দেশকে আত্মমর্যাদাশীল দেশে পরিণত করেছেন, মাত্র ১৪ বছরে একটি আত্মনির্ভরশীল দেশে পরিণত করেছেন, একজন বাঙালি হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে আপনাদেরও সেই প্রত্যয় বুকে ধারণ করে দেশ গঠনে অংশ নিতে হবে। কেউ যেন আমাদের নিচু করে দেখতে না পারে, আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, চলতে পারি- সেভাবেই নিজেকে গড়ে তুলতে হবে। সারা বিশ্বকে তাক লাগিয়ে দিতে হবে। তাদেরও দেখিয়ে দিতে হবে, আমরাও পারি, উই ক্যান।