
নিউজ ডেস্কঃ রাস্তাঘাটে যত্রতত্র গাড়ি থামিয়ে চাঁদা নিলেই তাদের নামে নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোটরসাইকেল যারা চালাচ্ছেন, তারা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গাড়ি, বাস এবং ট্রাকের থেকে মোটরসাইকেলে দুর্ঘটনা বেশি ঘটছে। তাই মোটরসাইকেল চালক এবং আরোহী দুইজনেই যেন হেলমেট পরেন, সেটা সুনিশ্চিত করা এবং সেই হেলমেটগুলো বিআরটিএ কর্তৃক যথাযথ এবং নির্ধারিত মানের হয়। তিনি বলেন, দেশে হেলমেট তৈরি করা হোক কিংবা বিদেশ থেকে আমদানি করা হোক না কেন, তা যেন বিএসটিআই কর্তৃক পরীক্ষা-নিরীক্ষা করে বাজারজাত করা হয়। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোনো হেলমেট বিক্রি করা যাবে না।