News71.com
 Bangladesh
 17 May 23, 06:54 PM
 104           
 0
 17 May 23, 06:54 PM

অবকাঠামো উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে আমিরাত।।

অবকাঠামো উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে আমিরাত।।

নিউজ ডেস্কঃ পারস্পরিক স্বার্থে বাংলাদেশের সমুদ্র বন্দরসহ অবকাঠামো উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে সংযুক্ত আরব আমিরাত। বুধবার (১৭ মে) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নবনিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আব্দুল্লা খাসাইফ আলহমোওদি (Abdulla Ali  Abdulla Khaseif Al Hmoudi) এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

 

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সামনে এগিয়ে নেবে। এ প্রসঙ্গে এভিয়েশন সেক্টরে সহযোগিতা বিষয়ে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বৈঠকের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি। ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর সফরের মধ্যে দিয়ে দুই দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি স্থাপনের কথা স্মরণ করেন রাষ্ট্রদূত। আব্দুল্লা আলি আব্দুল্লা খাসাইফ আলহমোওদি বলেন, পরে ১৯৮৪ সালে শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ঢাকা সফর করেন এবং দুই দেশের সম্পর্ক শক্ত ভিত্তির ওপর স্থাপন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন