
নিউজ ডেস্কঃ গতি বাড়িয়ে ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। এতে উপকূলের সঙ্গে দ্রুত কমছে এর দূরত্ব। শনিবার (১৩ মে) মধ্যরাত নাগাদ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়টির অগ্রভাগের প্রভাব শুরু হয় বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
রাতের সর্বশেষ বুলেটিনে আবহাওয়া দফতর জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার (১৪ মে) চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ঝড়ো হাওয়াসহ ভারি (৪৪-৮৮ মিমি) থেকে অতিভারি (৮৯ মিমি) বর্ষণ হতে পারে। অতিভারি বর্ষণ কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।