
নিউজ ডেস্ক ঃ ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কৃষকের অকৃত্রিম বন্ধু ছিলেন। তিনিই কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা দিয়ে চিরঋণী করে গেছেন। শনিবার (৪মে) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর সুদূর প্রসারী ঐতিহাসিক কৃষি নীতি ও সে আলোকে বর্তমান সরকারের গৃহীত বাস্তবমুখী পদক্ষেপের ফলে কৃষিতে আজ বৈপ্লবিক পরিবর্তন সম্ভব হয়েছে। দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে। সমাবর্তন বক্তা ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শৌভিক ভট্টাচার্য্য গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, তোমরা চমৎকার মানবিক পূর্ণাঙ্গ মানুষ হয়ে বিশাল কর্মজীবনে প্রবেশ করে অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। উন্নত শিক্ষাদান পদ্ধতি ও ফলপ্রসু গবেষণার এক অনন্য প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এ সময় তিনি পরিবর্তনশীল বিশ্ব ও চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের সক্ষম করে গড়ে তোলার আহ্বান জানান।