
নিউজ ডেস্কঃ দেশের সব সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সতর্ক সংকেত নামিয়ে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে কক্সবাজার সমুদ্র সৈকতের পানিতে পর্যটকসহ সকলকে নামতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। শুক্রবার (১২ মে) বিকাল ৪ টার পর থেকে সৈকতে ঘুরা-ফেরা করা পর্যটকসহ কাউকেও পানিতে নামতে দিচ্ছে না সৈকতের নিরাপত্তায় নিয়োজিত লাইফ গার্ড, বীচ কর্মী ও টুরিস্ট পুলিশ।
সী সেফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র লাইফ গার্ড কর্মী আবদুস সালাম জানিয়েছেন, ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারির পর থেকে প্রশাসনের নির্দেশনা মতে কাউকে পানিতে নামতে দেয়া হচ্ছে। সাগর স্বাভাবিক পরিস্থিতির চেয়ে ক্রমাগত উত্তাল হতে শুরু করেছে। তা আরও বাড়তে পারে। সার্বিক নিরাপত্তা সৈকতে দায়িত্ব পালন করছেন তারা। তাদের সঙ্গে বীচ কর্মী ও টুরিস্ট পুলিশ রয়েছে।