
নিউজ ডেস্কঃ এ যেন ঘূর্ণিবিলাস! সমুদ্রের উত্তাল পানি আর ঝাপটা বাতাসের দোলায় রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে অনেক পর্যটকই ভিড় জমাচ্ছেন কক্সবাজারে। চাঁদপুর থেকে এসেছেন তরিকুল ইসলাম। শুক্রবার (১২ মে) সকালে সৈকতের লাবনী পয়েন্টে সমুদ্রস্নানে নামেন তিনি। ঘূর্ণিঝড়ের এই অস্থিতিশীল পরিস্থিতিতে কেনই-বা সমুদ্রস্নান? সময় সংবাদের এমন প্রশ্নের জবাবে তরিকুল ইসলাম বলেন, ‘মূলত ঘূর্ণিঝড় মোখা দেখতে কক্সবাজার এসেছি। এটি কখন আসবে সেই অপেক্ষায় আছি। ১৫ মে পর্যন্ত কক্সবাজার থাকব, আশা করি ঘূর্ণিঝড় মোখা দেখতে পাব।’ এদিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সাগর অনেকটা উত্তাল হয়ে উঠেছে। সৈকতে লাল-হলুদ পতাকা নামিয়ে বিপৎসংকেত ‘লাল’ পতাকা টানানো হয়েছে।