
নিউজ ডেস্কঃ বহুল ব্যবহৃত শব্দ ‘বৈদেশিক সহায়তা’র বদলে এখন থেকে ‘বৈদেশিক ঋণ’ শব্দগুচ্ছ ব্যবহার চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের আত্মমর্যাদাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন সরকারপ্রধান। বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘এবারের সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের আত্মমর্যাদার কথা। আমরা ঋণ নিই, দান নয়। পরে আবার সুদে-আসলে ঋণের টাকা ফেরত দিয়ে দিই।’ এখন থেকে ঋণকে ঋণই বলতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এ ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ওয়াশিংটনে বিশ্বব্যাংককে প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের ওপর অযথা শর্ত আরোপ করবেন না। এমন কখনো হয়নি, বাংলাদেশ ঋণ নিয়েছে কিন্তু ফেরত দিতে পারেনি। আমরা ঋণ নিয়ে সুদে-আসলে সে টাকা ফেরত দিই।’