News71.com
 Bangladesh
 11 May 23, 10:10 AM
 110           
 0
 11 May 23, 10:10 AM

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫।।

সাতক্ষীরায় অ্যাম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। বুধবার (১০ মে) বিকেল ৩টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুরে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই মারা যান সাতক্ষীরার আশাশুনি উপজেলার আলাউল ইসলামের স্ত্রী তানজিলা খাতুন (৪০) ও তাদের নবজাতক কন্যা। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানজিলা খাতুনের বড় জামাতা বেলাল হোসেন ডালিম (২৮)। পরে খবর পাওয়া যায়, আহতদের মধ্যে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া তাজিজুল ইসলামও (২৭) মারা গেছেন। আর পৃথিবীর আলো দেখার সুযোগই হয়নি তানজিলা খাতুনের পেটে থাকা আরেক সন্তানের।

 

পারিবারিক সূত্র জানায়, তানজিলার পেটে যমজ সন্তান ছিল। মঙ্গলবার তিনি একটি সন্তান প্রসব করেন। বুধবার সকাল পর্যন্তও অপর সন্তান জন্মগ্রহণ না করায় তারা চিকিৎসকের শরণাপন্ন হন। এক পর্যায়ে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেলে নেওয়ার পথে মহাসড়কের মির্জাপুরে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহতসহ চারজন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এছাড়া তানজিলার পেটের বাচ্চাটিও বাঁচানো সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন