
নিউজ ডেস্কঃ সিলেটে ছিনতাইকালে বাধা দেওয়ায় এক রিকশা চালককে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার পর জনতা ধাওয়া করে তিন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। বুধবার (১০ মে) রাত ১০টার দিকে সিলেট নগরের শিবগঞ্জ খাঁরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি সিএনজি অটোরিকশায় যাত্রীর বেশ ধরে এক নারীকে ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারীরা। ঘটনাটি দেখে এক রিকশাচালক এগিয়ে আসেন। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।
পরে স্থানীয়রা সিএনজি অটোরিকশাসহ তিন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেয়।খবর পেয়ে কোতোয়ালি থানার সোবহানীঘাট ফাঁড়ির পুলিশ ওই তিন ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যান। এদিকে, ছুরিকাঘাতে গুরুতর আহত রিকশাচালককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষনিক তার দেহে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্র জানায়, ছুরিকাঘাতে আহত রিকশা চালকের অবস্থা গুরুতর। তাকে বাঁচাতে প্রাণান্তর চেষ্টা চলছে।