
নিউজ ডেস্কঃ বিএনপি যদি নির্বাচন বর্জন করে, তাহলে তাদের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১০ মে) সচিবালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়াদি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপি নির্বাচনে এলে আলোচনা হতে পারে–ওবায়দুল কাদেরের এমন প্রস্তাব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যাখ্যান করার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘এখন বিএনপি যদি নির্বাচন বর্জন করে কিংবা বলে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না, সেই দাবিতে অনড় থাকে, তাহলে এসব আলোচনার প্রশ্নই আসে না। সংবিধান অনুসারে বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের সময় বর্তমান সরকারই থাকবে। তারা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। শেখ হাসিনা নির্বাচনকালীন প্রধানমন্ত্রী থাকবেন।’