
নিউজ ডেস্কঃ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রত্যাশার চেয়েও বেশি ভোটারের উপস্থিতি ঘটবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আহসান হাবিব খান। একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও পক্ষপাতহীন নির্বাচন করতে যা যা দরকার, সেই কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
মঙ্গলবার (০৯ মে) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল সিটি নির্বাচন-২০২৩ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং নির্বাহী ম্যাজিস্টেটদের উপস্থিতিতে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এই নির্বাচন কমিশনার। ইভিএম নিয়ে প্রার্থীদের মাঝে থাকা সন্দেহ ও ইভিএমে অনীহার বিষয়ে প্রশ্ন করা হলে আহসান হাবিব খান বলেন, আমরা দায়িত্বভার গ্রহণের পর থেকে ৭০০ নির্বাচন পরিচালনা করেছি, এরমধ্যে ৬ শতাধিক করেছি ইভিএমে। আমি সব সময় বলে আসছি, ইভিএম হচ্ছে সচ্ছতার প্রতীক, ইভিএম দিয়ে কেউ কিছু করতে পারে না। আর আমরাও সঠিকভাবে ইভিএম দিয়ে নির্বাচন পরিচালনা করেছি।