
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ক্রিকেট র্যাঙ্কিংয়ে পাঁচ থেকে তিন, তারপরে শীর্ষে চড়ে চমক দেখিয়েছিল পাকিস্তান। তবে সেই চমকের ঝলক বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ৪৮ ঘণ্টার সিংহাসন পেয়েছিল বাবর আজমের দল। রোববার (৭ মে) করাচিতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান ও নিউজিল্যান্ড। ম্যাচটিতে ৪৭ রানের জয় পায় কিউইরা। আর তাতেই ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে পতন হয় পাকিস্তানের। জায়গা হয় তিনে। বিষয়টি নিয়ে কথা বলেছেন দলটির অধিনায়ক।
বাবর আজম বলেছেন, ‘পরিকল্পনা অনুযায়ী আমরা শেষ করতে পারিনি। ইচ্ছা ছিল র্যাঙ্কিং ধরে রাখার। তবে শুরুতে বেশ কিছু উইকেট হারিয়ে ফেলায় ম্যাচ থেকে আমরা বেরিয়ে গেছি। আর নিউজিল্যান্ড খুব ভালো বোলিং করেছে। ফলে আমরা চাহিদা পূরণ করতে পারিনি।’পাকিস্তান দলপতি আরও বলেছেন, ‘আমি মনে করি, শেষ ম্যাচটি বাদ দিলে গোটা সিরিজ আমাদের খুব ভালো কেটেছে। আমাদের বড় সমস্যা ছিল মিডল অর্ডার নিয়ে। সেখানে আমরা পরীক্ষা করার সুযোগ পেয়েছি। আমাদের ঘাটতির জায়গাটি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পেরেছি। ফলে সিরিজটি আমাদের জন্য দুর্দান্ত ছিল।’