
নিউজ ডেস্কঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেনীর ছাগলনাইয়ায় বাঁহাত হারানো ১১ বছরের শিশু ও তার পরিবারকে কেন ৪ কোটি ২২ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ওই শিশুর বাবার করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করেন। একই সঙ্গে এ ঘটনায় সংশ্লিষ্টদের অবহেলা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।
সোমবার (৮ মে) রুল জারির বিষয়টি নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী মোহাম্মদ মনিরুল ইসলাম মিয়া। চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎসচিব, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান ও মহাব্যবস্থাপক, ছাগলনাইয়া জোনের উপমহাব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট বাড়ির মালিক শেখ আজিজুল হক নিশানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।