
নিউজ ডেস্কঃ অবশেষে যুদ্ধকবলিত সুদানে দীর্ঘ ২৩ দিন আটকে থাকার পর সৌদি আরবের জেদ্দা থেকে দেশের পথে রওনা হয়েছেন বাংলাদেশিদের প্রথম দল। স্থানীয় সময় ভোরে জেদ্দা বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছেন তারা। সোমবার (০৮ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা নাগাদ দেশের মাটিতে পা রাখবেন ১৩৫ বাংলাদেশি। আগের দিন রোববার সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে পোর্ট সুদান থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দীর্ঘ ২৩ দিন যুদ্ধকবলিত সুদানে আটকে ছিল তারা। রোববার (৭ মে) সৌদি এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটে প্রথম দফায় পোর্ট সুদান থেকে জেদ্দা বিমানবন্দরে পৌঁছান ৭০ বাংলাদেশি। পরে আরও দুই দফায় পৌঁছান ৬৫ জন। এ সময় তাদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হকও সেখানে উপস্থিত ছিলেন।
জাবেদ পাটোয়ারী বলেন, সুদান থেকে প্রথম দফায় নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দিয়ে নিয়ে আসা হয়। তাদের বিশ্রামের জন্য সেখানকার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে বিশ্রাম, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এসব বাংলাদেশিকে সব ধরনের সহায়তা দিচ্ছে।