
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ২০০৭ সালের ৭ মে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ফিরে না এলে দেশে গণতন্ত্র ফিরত না।রোববার (৭ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ‘বাংলার স্থপতি’ ৭ খণ্ড বইয়ের প্রকাশনা ও গ্রন্থকার গবেষক এলভিন দীলিপ বাগচীর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছিল, নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। সবকিছু উপেক্ষা করে ২০০৭ সালের ৭ মে তিনি দেশে ফিরে আসেন। সেখানে লাখ লাখ মানুষ উপস্থিত ছিলেন।তথ্যমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে, দেশের গণতান্ত্রিক ইতিহাসে, গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৭ মে শুধু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস নয়, ৭ মে প্রকৃতপক্ষে গণতন্ত্র এবং গণতন্ত্রের মানসকন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই তিনি (শেখ হাসিনা) ফিরে আসেন।