
নিউজ ডেস্কঃ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, এবার তিনি নৌকার মনোনয়ন চাইবেন। না পেলে জনগণের সিদ্ধান্ত নিয়ে আবারও স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন এবং বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক জনসভায় বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। গত শুক্রবার (৬ মে) ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের বাইশ রশি শিব সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য দেন তিনি।
এদিন ভাঙ্গা উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মীর আশরাফ আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কিবরিয়া মাতুব্বর, সাবেক সংরক্ষিত মহিলা সদস্যা রাজিয়া সুলতানা, সদরপুরের সাহেব বিশ্বাস, রণজিৎ দাস, কামরুল তালুকদারের নেতৃত্বে আওয়ামী লীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী এবং বিএনপির কিছু সমর্থক এমপি নিক্সনের রাজনীতিতে বিশ্বাস রেখে তার পক্ষে যোগদান করেন।সংসদ সদস্য নিক্সন বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী কাজী জাফর উল্লাহ ফরিদপুর-৪ আসনে যে মার্কা নিয়েই নির্বাচন করুক না কেন, এজেন্ট খুঁজে পাবেন না। ২০১৪ সালের নির্বাচনে জনগণ আমাকে না দেখে, না চিনে ৩০ হাজার ভোট বেশি দিয়ে এমপি নির্বাচিত করেছে। গত ৯ বছরে আমি জনগণকে সঙ্গে নিয়ে অত্র এলাকার উন্নয়ন ও জনগণকে মূল্যায়ন করেছি। সেজন্য জনগণই আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করবে।’