
নিউজ ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। শনিবার (৬ মে) লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যেসব রাষ্ট্র ও সরকারপ্রধানের আলাপ হয়েছে, তারা তার প্রতি যথার্থ সম্মান দেখিয়েছেন।এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আন্তরিকতার কথা উল্লেখ করেন। হাই কমিশনার বলেন, তিনি (শেখ হাসিনা) সবার কাছ থেকে অভূতপূর্ব সম্মান পেয়েছেন। অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মিসর ও রুয়ান্ডার প্রেসিডেন্ট, সিয়েরা লিওন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, গাম্বিয়া, নামিবিয়া ও উগান্ডার প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।