
নিউজ ডেস্কঃ লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে শতাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিয়েছেন।লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টায়) এর আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস এ কথা জানিয়ে আল জাজিরার প্রতিবেদন মতে, পবিত্র গসপেলের ওপর হাত রেখে রাজ্যাভিষেকের শপথ নেন তিনি। এ সময় নিজেকে একজন ‘বিশ্বাসী প্রোটেস্ট্যান্ট’ ঘোষণা দিয়ে তিনি বলেন, রাজা হিসেবে নিজের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তিনি।
রানি দ্বিতীয় এলিজাবেথ অধ্যায় শেষে আনুষ্ঠানিকভাবে নতুন রাজা পেল ব্রিটেনের মানুষ। আড়ম্বরপূর্ণ উৎসবে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরিয়ে দেয়া হয় রাজা তৃতীয় চার্লসকে। ব্রিটিশ রাজতন্ত্রে রাজা হিসেবে অভিষিক্ত হলেন তিনি। তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ঘিরে শনিবার (০৬ মে) সকালেই শুরু হয়েছে উৎসব। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে বিশ্বনেতাদের পাশাপাশি আমন্ত্রিত দুই হাজার অতিথি উড়ে জড়ো হন লন্ডনে। ব্রিটিশ রাজার অভিষেক অনুষ্ঠান ঘিরে ব্রিটেনজুড়ে রাজকীয় সাজসজ্জা করা হয়। প্রাসাদের সামনে ভিড় হাজার হাজার উৎসুক মানুষের দেখা যায়। লন্ডন শহরজুড়ে মোতায়েন করা হয়েছে ২৯ হাজার পুলিশ সদস্য।