
নিউজ ডেস্কঃ দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে মেগাসিটি ঢাকা। মাঝে মাঝে রাজধানীর বাতাসের মানে কিছুটা উন্নতি হয়। তবে শনিবার (৬ মে) বাতাসে দূষণ কিছুটা বেড়েছে। বেশ কিছুদিন বায়ুদূষণের তালিকায় প্রথম দিকেই ছিল ঢাকার অবস্থান। বিশেষজ্ঞরা বলছেন, নির্মাণকাজ, রাস্তার ধুলা ও অন্যান্য উৎস থেকে দূষিত কণার ব্যাপক নিঃসরণের কারণে দীর্ঘদিন ধরেই ঢাকা শহরের বাতাসের গুণমান খারাপ। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো: ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।
তবে গত কয়েকদিন বৃষ্টি ও আবহাওয়া শীতল থাকায় ঢাকার বাতাসের মানের বেশ উন্নতি হয়েছে। যদিও আগের দিন শুক্রবারের (৫ মে) তুলনায় আজ দূষণ কিছুটা বেড়েছে। শনিবার বেলা ১১টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১০৬, সংবেদনশীল গোষ্ঠীর জন্য যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। বায়ুমানের তালিকায় ১০তম স্থানে উঠে এসেছে রাজধানী। আগের দিন এ সময় ১৯তম স্থানে থাকা ঢাকার বাতাসের দূষণমাত্রা মাঝারি বা সহনীয় পর্যায়ে ছিল।