
আন্তর্জাতিক ডেস্ক ঃইসরায়েলের কারাগারে অনশনে ফিলিস্তিনি এক বন্দি মারা যাওয়ার পর গাজা থেকে ছোড়া মুহুর্মুহু রকেটের জবাবে ফিলিস্তিনি ভূখণ্ডটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।মঙ্গলবার রাতে ইসরায়েলি জঙ্গি বিমানগুলো হামলা চালানোর পর গাজার বিভিন্ন অংশের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা যায়।ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের প্রশিক্ষণ শিবির ও অস্ত্র উৎপাদন স্থাপনাগুলোতে আঘাত হানা হয়েছে।হামাস ফিলিস্তিনের অবরুদ্ধ উপকূলীয় ছিটমহল গাজা শাসনকারী ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠী।ইসরায়েলি জঙ্গি বিমানগুলো যখন গাজায় তাণ্ডব চালাচ্ছিল সেই সময় সেখান থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তরে ইসরায়েলি শহর আশকেলোনে রকেট হামলার সতর্কতা জানিয়ে সাইরেন বেজে ওঠে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হামাসের রেডিওর খবরে বলা হয়, ইসরায়েলের কারাগারে অনশনরত বন্দি খাদির আদনানের (৪৪) মৃত্যুর প্রতিক্রিয়ায় গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো ধারবাহিকভাবে রকেট ছোড়ে।আদনান ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সুপরিচিত একজন রাজনৈতিক নেতা, ইসরায়েলের একটি কারাগারে ৮৭ দিন অনশনের পর মঙ্গলবার ভোররাতে মারা যান তিনি। তাকে তার সেলে অচেতন অবস্থায় পাওয়া যাওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি কারা বিভাগ (আইপিএস) ।