
নিউজ ডেস্কঃ আগামী সংসদ নির্বাচনের সংসদীয় আসনের প্রস্তাবিত সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত দাবি-আপত্তি নিয়ে শুনানি শুরু হচ্ছে বুধবার।ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত শুনানি চলবে।প্রস্তাবিত সীমানার পক্ষে-বিপক্ষে সর্বোচ্চ ৮৪টি আবেদন আছে কুমিল্লা অঞ্চলের। শুনানিতে যুক্তি উপস্থাপনের সুযোগ রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনাররা আবেদনগুলো শুনে নিষ্পত্তি করবেন।এরপর কমিশন প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।
এ বছরের মাঝামাঝি এসব আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করার কথা রয়েছে।সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, কুমিল্লা অঞ্চলের মোট আবেদনগুলোর শুনানি হবে ৩ মে; রাজশাহী অঞ্চলসহ সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার শুনানি ৭ মে; ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলসহ ফরিদপুর ও ঢাকা অঞ্চলের আবেদনের শুনানি ১১ মে। আর বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের আবেদনের শুনানি ১৪ মে হবে।রংপুর ও সিলেট অঞ্চলে কোনো দাবি কিংবা আপত্তি জমা পড়েনি।
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত ২৬ ফেব্রুয়ারি ৩০০ সংসদীয় আসনে আগের সীমানা ধরে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। পরে ওই দিনই খসড়া নিয়ে দাবি কিংবা আপত্তি জমা দিতে ১৯ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয় কমিশন।নির্ধারিত সময়ে ৩৮ আসনে ১৮৬টি আবেদন জমা পড়ে। এর মধ্যে সীমানা বহালের পক্ষে ৬০টি ও আপত্তি আবেদন পড়েছে ১২৬টি।