
নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় বার বার বেঁকে যাওয়া রেললাইন মেরামত করে সচল করা হয়েছে। তবে এখনো স্লিপারের পুরোপুরি ফিটিংস কাজ শেষ না হওয়ায় ঢাকামুখী আপলাইনের ৭শ মিটার এলাকায় সব ট্রেন ১০ কিলোমিটার গতিতে অতিক্রম করছে।
শনিবার (২৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম-সিলেটের সঙ্গে ঢাকামুখী আপলাইনের মেরামত কাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়। তবে ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণ লেবেল ক্রসিং এলাকা থেকে দুর্ঘটনাকবলিত দারিয়াপুর পর্যন্ত আপলাইনের ট্রেনগুলোকে রেলওয়ের নিদের্শনানুযায়ী ১০ কিলোমিটার গতিতে চলতে হচ্ছে। আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান আহমেদ তারেক বলেন, শনিবার রাতে মেরামত কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত রেললাইনের স্লিপার ফিটিংসের কাজ চলছে। সেখানে কাঠের স্লিপার পরিবর্তন করে সিসি স্লিপার বসানোর কাজ চলমান রয়েছে।
কাজ শেষ হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের কাজ চলমান রয়েছে। তিনি আরও বলেন, শনিবার সকালে অত্যাধিক গরমের কারণে দারিয়াপুর এলাকায় ঢাকামুখী আপলাইনটি পুনরায় বেঁকে গিয়েছিল। দারিয়াপুরে রেললাইনের তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায়। পরে পানি ও কচুরিপানা দিয়ে রেললাইন শীতল করে বিকেলের পর তাপমাত্রা কমে আসার পর মেরামত কাজ শেষ করা হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দারিয়াপুর এলাকায় বেঁকে যাওয়া রেললাইন সোজা করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়।